ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চলমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নিয়োগের পাঁচ দিন পেরিয়ে গেলেও নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।
এদিকে চলমান আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তৈয়ব বলেন, উপাচার্য নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হলেও সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। তবে এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, “আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বেতন, বোনাস ও ওভারটাইমসহ যেসব পাওনা বকেয়া ছিল, যোগদানের পর সেগুলো পরিশোধের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থাও করতে বলা হয়েছে।”
ক্যাম্পাসে কবে প্রবেশ করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে। আমরা একটি সাধারণ সভা করব। আলোচনা করে ধীরে-সুস্থে ক্যাম্পাসে যাব।”
সকাল ১১টার দিকে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
এনএএস/এসআর