ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। বর্তমানে তিনি ঢাবির বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক আব্দুস সালামকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি এ পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
এতে আরও বলা হয়, অধ্যাপক ড. আব্দুস সালাম সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
আরএন