জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ওয়াকআউট করে।
ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।”
এর আগে বিরোধীদলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।
বিশেষ কমিটির বৈঠকে সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাস করার প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এ ওয়াকআউটের ঘটনা ঘটে।
সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করে প্রধান বিরোধী দল। বিলটি পাসের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তাঁর ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
এ নিয়ে চলতি অধিবেশনে চারবার ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকাল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।
আরএন