ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজপথে হকার বসতে দেওয়া হবে না, বিকল্প ব্যবস্থা করা হবে: ডিএসসিসি প্রশাসক
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম
X
Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে শৃঙ্খলা মেনে চলা হকারদের জন্য মতিঝিলের নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হবে। 

নাগরিক সেবায় গাফিলতি করলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ১৫ থেকে ২১ নম্বর ওয়ার্ডের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেবা কার্যক্রম আরও গতিশীল করা, নগরবাসীর সমস্যা সরাসরি শোনা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

সভায় অংশ নেওয়া ওয়ার্ড প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতির অপ্রতুলতা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে জটিলতা।

ডিএসসিসি প্রশাসক ধৈর্যসহকারে তাঁদের অভিযোগ ও পরামর্শ শোনেন। এ সময় মঞ্চে উপস্থিত সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক ব্যাখ্যা নেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে কঠোর নির্দেশনা দেন।

আব্দুস সালাম বলেন, “ঢাকা দক্ষিণের প্রধান সমস্যাগুলোর অন্যতম জলাবদ্ধতা, যা আমরা দায়িত্ব নেওয়ার আগে থেকেই বিদ্যমান। এই জটিলতা নিরসনে আমরা নিরলস কাজ করছি। নিউমার্কেটসহ আশপাশের এলাকার প্রধান সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে। রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে যারা শৃঙ্খলা মেনে চলবেন, তাঁদের জন্য মতিঝিলের মতো নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হবে।”

নাগরিক সেবায় সিটি করপোরেশনের কর্মকর্তাদের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, “নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার। সিটি করপোরেশনের যেকোনো পর্যায়ের কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে বা নাগরিক চাহিদা মেটাতে ব্যর্থ হলে সরাসরি জানান, আমরা অনতিবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেব।”

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম সিটি করপোরেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অর্থ লুটপাট ও বিগত সময়ে অপব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে একটি স্বস্তিদায়ক ও আধুনিক নগর গড়ে তুলতে তিনি সব স্তরের নাগরিকের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

নাগরিকদের সঙ্গে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি কথা বলে সমস্যা সমাধান এবং তাৎক্ষণিক জবাবদিহিতা নিশ্চিত করার এ উদ্যোগের জন্য উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা ডিএসসিসি প্রশাসক আব্দুস সালামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement