ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৩২ মিনিটে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহাবিন জসিম জানান, প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তার জন্য আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।