দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দেশটির পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার তাগিদে ২০২৩ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেলের মৃত্যুতে দেশে স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাইকে নিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার। এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।
এফএস