দিনাজপুর সদর ও বিরল উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে নৌকাডুবির ঘটনায় আফজাল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহত আফজাল হোসেন বিরল উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও বিরল উপজেলার ধর্মপুর এলাকার মধ্যবর্তী পুনর্ভবা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল হোসেন জানান, সকালে তিনি নিজের আলুর খেতে কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রী ও দুই মেয়ে খাবার নিয়ে নদীর পশ্চিম তীরে অপেক্ষা করছিলেন। তাঁদের কাছে খাবার পৌঁছে দিতে আফজাল হোসেন একটি ডিঙি নৌকা নিয়ে নদী পার হন।
পরে পুত্রবধূ ও দুই নাতনিকে সঙ্গে নিয়ে খাবারসহ নৌকায় করে নদীর পূর্ব তীরে আলুর খেতে ফেরার পথে নদীর মাঝখানে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অন্য নৌকার লোকজন তাঁর পুত্রবধূ ও দুই নাতনিকে উদ্ধার করতে সক্ষম হলেও আফজাল হোসেনকে উদ্ধার করতে পারেননি। নদীর স্রোতে তিনি তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর দুপুর ১২টার দিকে নদী থেকে আফজাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন / এফএস