রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কচুয়া বাগডোগরা এলাকার রেজাউল কানা (৪৫) এবং দক্ষিণ কোলকোন্দ এলাকার আইয়ুব আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এ সময় তাঁর চিৎকার শুনে পাশের মসজিদের ইমাম মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। মসজিদের মাইকে এ ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
ধাওয়ার মুখে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাঁদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলা ক্যানেলে আটক করেন। পরে তাঁদের মারধর করা হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, “দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের বিরুদ্ধে আগে চুরির কোনো রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
লাবনী ইয়াসমিন / এফএস