নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহত নারীর কাছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে এসব কাগজপত্রের ভিত্তিতে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার সময় তাঁর পরনে গোলাপি রঙের থ্রি-পিস ছিল।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএস