নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, নিউমার্কেট এলাকায় আগে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত পরিষ্কার করা হয়েছে। তবে দখলমুক্ত রাখতে আবারও অভিযান পরিচালনা করা হবে। সপ্তাহখানেকের মধ্যে সেখানে পুনরায় অভিযান চালানো হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো অবস্থাতেই রাস্তায় হকার বসতে দেওয়া হবে না।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতি শনিবার বিশেষ কর্মসূচি পালন করছে ডিএসসিসি। এর অংশ হিসেবে এদিনও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি পরিচালনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, কোথাও ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না এবং তিন দিনের বেশি পানি জমিয়ে রাখা যাবে না। পরিচ্ছন্নতা কর্মসূচি ও র্যালির মাধ্যমে নগরবাসীকে সচেতন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকা শহরের পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে এসটিএসটি সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলাকার সড়কসংক্রান্ত সমস্যা সমাধানে নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরে সিআইডি কার্যালয় থেকে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান শেষ করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় তিনি সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা, রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাটসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।
-টিএস