চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে চরম হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের খেলা পাঁচটি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দলটি। উল্টো প্রতিপক্ষের জালে একটি গোলও করতে না পেরে হজম করেছে মোট ১৪৬ গোল।
গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চেক প্রজাতন্ত্র, জার্মানি ও মরক্কো। গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২৭-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।
পরদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হয়ে আরও বড় ব্যবধানে পরাজিত হয় দলটি। ওই ম্যাচে ৩৫-০ গোলে হারে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
এরপর ২১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতেও ঘুরে দাঁড়াতে পারেনি দল। মরক্কোর কাছে ৩৩-০ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করে তারা।
তিন ম্যাচে কোনো পয়েন্ট অর্জন করতে না পারায় ‘সি’ গ্রুপের তলানিতে থেকে টুর্নামেন্টের পরবর্তী পর্বে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ।
গ্রুপ পর্বের ব্যর্থতার পর স্থান নির্ধারণী ম্যাচেও একই চিত্র দেখা যায়। আলজেরিয়ার বিপক্ষে ৪০-০ গোলে এবং হাইতির কাছে ১১-০ ব্যবধানে হারে অনূর্ধ্ব-১৮ দলটি।
সব মিলিয়ে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে নিজেদের জালে বল ঢুকেছে ১৪৬ বার। এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে টুর্নামেন্ট শেষ করল দেশের প্রতিনিধিত্বকারী তরুণ ফুটবলাররা।
-টিএস