ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টের হাত থেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আব্দুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে আলম বক্তার তাঁর তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কালিরহাট এলাকায় তাঁর শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার কাজে আসেন।
এ সময় গাছের কাছে একটি ছেঁড়া বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে সেটি সরাতে গেলে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার। বাবাকে বাঁচাতে গাছের নিচে থাকা ছেলে রাকিব এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা আরেক ছেলে রহিম তাঁদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বাবা ও দুই ছেলে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। তবে সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান তাঁদের বাবা আলম বক্তার।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরডি/ এফএস