রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ সরানোর চেষ্টা ঘিরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সাজেকে বেড়াতে আসা অন্তত ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ডাক দেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
সকাল ১১টার দিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
অবরোধ ও সংঘর্ষের কারণে সাজেকে বেড়াতে আসা অন্তত ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে সংঘর্ষে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এসএস