সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, অর্থশালী না হলেও জনপ্রিয় ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এ জন্য সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেরও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।”
ভোলার প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি বলেন, জেলায় পর্যাপ্ত গ্যাসের মজুত রয়েছে এবং আরও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। ভোলার মানুষেরও গ্যাসের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাস স্থানীয় বাসিন্দাদের ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএস