ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সংবিধান সংস্কারে সরকারকে সহযোগিতা করছে না বিরোধী দল: সালাহ উদ্দিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে জাতীয় জীবনে ধারণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ জন্য সংবিধান সংশোধন প্রয়োজন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়ন করা উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই প্রয়োজন। এ ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে।

বিরোধী দলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল চাইলে বিষয়টিকে সংবিধান সংস্কারের অংশ হিসেবেও দেখতে পারত। বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। তবে সরকার চায়, বিরোধী দল সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুক।

তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন জাতীয় জীবনের জন্য অনুপ্রেরণার বিষয়। জুলাই গণঅভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। তাই জাতীয় জীবনে জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখতে হবে। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতেও জুলাইয়ের প্রতিফলন থাকা প্রয়োজন।

সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। জুলাই আন্দোলনে তাঁর সরাসরি নেতৃত্ব ছিল। সরকার কাজের মাধ্যমেই এ চেতনা বাস্তবায়নের প্রমাণ দেবে।

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে সংবিধান সংশোধনবিষয়ক একটি বিশেষ কমিটি কাজ করছে। কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহমদ গত ১৩ অক্টোবর জানিয়েছিলেন, সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায়। তবে বিরোধী দল অংশ না নিলেও সনদ বাস্তবায়নের উদ্যোগ থেমে থাকবে না। 

বিশেষ কমিটিতে সংবিধানের বিভিন্ন বিধান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং জনগণের সার্বভৌমত্বের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংসদের উচ্চকক্ষ গঠন ও প্রতিনিধিত্বের পদ্ধতি নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এদিকে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। একই সঙ্গে আধুনিকায়ন করা উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রায় ২৩ একর আয়তনের ঐতিহাসিক এই উদ্যানে লেক, ফোয়ারা, হাঁটার পথ, আধুনিক পাঠাগার, ব্যায়ামাগার, ক্যাফেটেরিয়া, উন্নত আলোকসজ্জা ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। 

স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নাম খোদাই করা হয়েছে। আন্দোলনের স্মৃতি ধরে রাখতে সেখানে বিভিন্ন চিত্রও স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি রাজধানীর কেন্দ্রস্থলে একটি আধুনিক উন্মুক্ত জনপরিসর তৈরি করা হয়েছে। 

   এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement