রাঙ্গামাটির হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিষ্ঠান মালিকদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। সভায় জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট মালিকেরা অংশ নেন।
সভায় অগ্নিঝুঁকি মোকাবিলা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো এবং অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। যেসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের মালিকেরা আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
রাঙ্গামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, সমিতির অধীনে ৫৫টি আবাসিক হোটেল রয়েছে, যেখানে অগ্নিনির্বাপক যন্ত্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। এরপরও কোনো হোটেলে ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গামাটির পর্যটন বিকাশের অন্যতম উদ্যোক্তা ললিত সি চাকমা বলেন, তাঁদের রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে ১৫টি রিসোর্ট রয়েছে। এসব রিসোর্ট প্রয়োজনীয় নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তবে অ্যাসোসিয়েশনের বাইরের অনেক রিসোর্ট সম্পর্কে তাঁদের কাছে তথ্য নেই।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এসএস