ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক সন্দেহে মো. রাকিব নামে এক যুবককে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে দায়িত্বরত আনসার সদস্যরা তাঁকে আটক করেন।
পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রাকিব নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান তিনি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
আটক রাকিব বরিশালের গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে তিনি ঢামেক হাসপাতালে এসেছিলেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। এরপর আনসার সদস্যরা তাঁকে আটক করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনসার সদস্যরা রাকিবকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এসএস