সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ১০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বিজিবির ২৯ ব্যাটালিয়ন।
পূজামণ্ডপে নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছেন তারা।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে টহল প্রদান এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তাসহ নিজস্ব আওতাধীন ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৯টি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের সদস্যরা। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৫১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও ৪টি পূজামণ্ডপ বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি গুজব ও অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।
দুর্গাপূজার মহাঅষ্টমীতে আজ রবিবার সকাল থেকে বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, পুরাতন বাজার এবং পূর্ব জগন্নাথপুর সর্বজনীন শ্রী দুর্গা মন্দির নতুন বাজার পরিদর্শন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসএ