গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসরারটেক বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় কয়ের নাসরারটেক বিলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে স্কুল ড্রেস থাকায় পরিচয় শনাক্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর সদর উপজেলার আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির জানান, নাসরারটেক বিল থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
-টিএস/রফিক