চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিগগির চালু হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ফুড ল্যাবরেটরি। নির্ভুল পরীক্ষার মাধ্যমে খাদ্যের গুণগত মান যাচাই এবং আধুনিক যন্ত্রপাতির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় চসিকের ফুড ল্যাবে যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মান সঠিকভাবে পরীক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উপকরণের যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি)’ এর আওতায় ফুড ল্যাবের জন্য এসব যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ হস্তান্তর করা হয়। এ সময় প্রকল্পের পক্ষ থেকে একজন মাইক্রোবায়োলজিস্ট ও দুজন অপারেটর নতুন জনবল হিসেবে যোগ দেন।
ল্যাবরেটরির কার্যক্রম চালু হলে খাদ্যের গুণগত মান যাচাইয়ের মাধ্যমে নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
টিআই