রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম ও কলকাতা রুটে আরও তিনটি ট্রেন চালুর কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী।
তিনি বলেন, রাজশাহী থেকে তিনটি ট্রেন চালু হবে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলবে। অন্য দুটি রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে চলাচল করবে।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সঠিক তথ্য প্রচার করতে হবে। এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে মানুষের কাছে ভুল তথ্য পৌঁছায়।
এর আগে রাজশাহী থেকে ছয়টি ট্রেন পুনরায় চালুর বিষয়ে ভূমন্ত্রীর বরাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তিনটি ট্রেন চালুর কথা জানান।
এসএস