কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজন এবং সভায় সুপারিশ করা পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা জোরদার এবং জরুরি উদ্ধার কার্যক্রমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নেওয়া হবে।
মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এসএস