রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে পুলিশ সদস্য ওমর আলী ও মিথুল ইসলামকে আটক করে।
এ সময় কক্ষটি তল্লাশি করে খাটের নিচ থেকে একটি সিগারেটের প্যাকেটে রাখা ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইটার ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পরিদর্শক তাহামুদার রহমান আরও জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।