বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ইন্স্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে তাদের অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমের (এসিপিএস) জন্য। পাশাপাশি, গার্ডিয়ানের ‘অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগ পেয়েছে সম্মানজনক স্বীকৃতি ‘অনারেবল মেনশন’।
দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিমাদাবি নিষ্পত্তি এবং স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমা সহজলভ্য করার মাধ্যমে খাতটিকে এগিয়ে নিতে উদ্যোগ দুটি চালু করেছে গার্ডিয়ান।
প্রতিষ্ঠানটির অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেমের (এসিপিএস) মাধ্যমে বিমাদাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়েছে। আবেদন জমা, যাচাই, মূল্যায়ন, অগ্রগতি পর্যবেক্ষণ ও নিষ্পত্তির সব ধাপ একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এতে দাবি নিষ্পত্তিতে সময় কমার পাশাপাশি কাগজপত্রের ব্যবহার ও ম্যানুয়াল কাজও কমেছে। গ্রাহকেরা এখন ডিজিটাল মাধ্যমেই তাঁদের দাবির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন।
গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ লাখ ৬১ হাজারের বেশি বিমাদাবি নিষ্পত্তি করেছে। এসব দাবির মোট আর্থিক মূল্য ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি আবেদন জমা দেওয়ার দিনেই নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া, ৯৭ শতাংশ দাবি নিষ্পত্তি হয়েছে এক সপ্তাহের মধ্যে।
অন্যদিকে, ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগের মাধ্যমে স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমা সেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। কনসার্ট, সম্মেলনসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য দুর্ঘটনা বিমার সুবিধা নিশ্চিত করতে টিকিট বুকিং ও নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি বিমা কভারেজ যুক্ত করা হয়েছে। মাত্র ১০ টাকা থেকে শুরু হওয়া এই সেবায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত নির্ধারিত স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধার আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কভারেজ পাওয়া যায়।
স্বীকৃতি প্রসঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “আমাদের লক্ষ্য ইন্স্যুরেন্স সেবা সবার জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তোলা। এসিপিএসের মাধ্যমে আমরা দাবি নিষ্পত্তির অভিজ্ঞতা আরও সহজ করেছি। অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স সেবাকে সাশ্রয়ী করার একটি প্রচেষ্টা। এমন সম্মাননা আমাদের উদ্ভাবনী ইন্স্যুরেন্স সেবা প্রদানে উৎসাহ জোগায়, যার মাধ্যমে আমরা এ খাতে গ্রাহকের আস্থা বাড়াতে পারি।”
প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ পাওয়া এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়নে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। প্রযুক্তির মাধ্যমে বিমা সেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও মানুষের কাছে সহজলভ্য করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
-টিএস