নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাদিমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামে। তাঁর বাবার নাম জসিম উদ্দিন। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল সাতটার দিকে কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন নাদিম। এ ঘটনায় নাদিমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকার অভিযোগে এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, যে ঘর থেকে নাদিমের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে ভাড়াটে হিসেবে থাকতেন হাকিম মোল্লা নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে। নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে হাকিমের খোঁজ পাওয়া যাচ্ছে না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজেল হোসেন বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। নাদিমের হাত বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের ছাপ পাওয়া গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এসএস/আরএন