সিলেটের কানাইঘাট সীমান্তের ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডোনা সীমান্তের ১৩৩৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩ নম্বর এরালী গোল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
স্থানীয়দের ধারণা, বিএসএফ অথবা ভারতীয় খাসিয়াদের গুলিতে খালেদ আহমদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে খালেদ আহমদের মরদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছিল।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে থাকার খবর তাঁরা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসংলগ্ন সীমান্ত এলাকায় যাচ্ছিল।
মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসএস