নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের চারজনেরই মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একে একে তাঁদের মৃত্যু হয়।
নিহতরা হলেন রোজিনা (৩০), তাঁর স্বামী শরিফ (৩৪), রোজিনার দুই ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
চিকিৎসক জানান, আগুনে রোজিনার শরীরের ৬০ শতাংশ, তাঁর স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হওয়ার পর চারজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁদের আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে গ্যাস লিকেজ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
-টিএস