ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪ রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শেষ পর্যন্ত লড়াই করেও শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। 

অধিনায়ক সাদিয়া ইসলামের ৫৯ রানের দুর্দান্ত ইনিংস ও সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ের পরও শুক্রবার (১৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফাইনালে ১৫৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

দলীয় রান শূন্য থাকতেই দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাতকে হারায় দলটি। পরে ২১ রানে তৃতীয় উইকেট হারালে চাপে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

সেখান থেকে নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। ৩৩ বলে ৩২ রান করে রানআউট হন নিশি। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন সাদিয়া। ৩৬ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৫৯ রান করেন তিনি। 

সাদিয়া আক্তার ২২ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেললেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে থামে দলটির ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চামুডি প্রবোধা ও চামোধী হেরাত দুটি করে উইকেট নেন।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সানজানা কবিন্দি। ভিমোক্ষা বালসুরিয়ার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৯ রান যোগ করেন তিনি। ভিমোক্ষা ১৫ বলে ২৩ রান করে ফিরলেও সানজানা তাঁর আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন। নেথমী উপেকশার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন সানজানা। ৪৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করে আউট হন তিনি। পরে উমায়ঙ্গনা পিরিসের অপরাজিত ২৮ ও দানোদ্যা সেওমিনির ১৫ রানে ১৫৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে জান্নাতুল ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট নেন। তিথি দাস চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement