সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে স্থানীয় দুটি সংগঠন। তবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সাজেক সড়কে যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে সাজেকবাসীর উত্থাপিত মূল দাবিগুলো পূরণ করা না হলে দুর্গাপূজা শেষে ২১ অক্টোবরের পর আবারও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে, তিন দফা দাবিতে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে গত রোববার (১১ অক্টোবর) সাজেক সড়কে প্রথম দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে ওই দিন বিকেলে প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির প্রতিনিধি বাবুধন চাকমা জানান, প্রশাসনের কাছে তাঁদের তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো—সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে নেওয়া, ভবিষ্যতে জেএসএসের পক্ষ থেকে কাউকে প্রাণনাশের হুমকি দেওয়া হবে না—এমন নিশ্চয়তা প্রদান এবং সাধারণ ও নিরীহ মানুষের বাড়িঘরে প্রশাসনের তল্লাশি ও হয়রানি বন্ধ করা।
এদিকে, প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে বুধবার (১৪ অক্টোবর) সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুটি। এর মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা এলো।
আরএন