শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি রংপুরের ধর্মসভা মন্দিরসহ তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। এরপর সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী ও সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রংপুরে প্রশাসনিক ও দলীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, সফরসূচি অনুযায়ী রংপুরের রাম গোবিন্দ মন্দির, যা ধর্মসভা মন্দির নামেও পরিচিত, পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে বিকল্প প্রস্তুতি হিসেবে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী মন্দির ও গুপ্তপাড়া মন্দিরও প্রস্তুত রাখা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজধানীর বাইরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর এ সফর দেশের জন্য একটি বিরল ঘটনা হতে যাচ্ছে।
উল্লেখ্য, রংপুরের রাম গোবিন্দ মন্দির, যা রংপুর ধর্মসভা মন্দির নামেও পরিচিত, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে মন্দিরটি ধর্মীয় উৎসব, সভা-সমাবেশ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আরএন