ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে অপহরণের ২১ ঘণ্টা পর শিশু উদ্ধার, দুলাভাই গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হবিগঞ্জে বসতঘরে সিঁধ কেটে মায়ের পাশ থেকে অপহৃত পাঁচ বছর বয়সী শিশু সানি মাহমুদ ইয়াসিনকে ২১ ঘণ্টা পর বানিয়াচং থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাই জিসান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার বসতঘরে সিঁধ কেটে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে শিশু সানিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একমাত্র সন্তানকে হারিয়ে শিশুটির মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, প্রায় এক বছর আগে একই গ্রামের জিসান আহমেদের সঙ্গে শিশু সানির বড় বোন শাকিলার বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শাকিলা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বিয়ের পর তিনি আবারও সৌদি আরবে চলে যান। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। শাকিলা জিসানকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর শিশুটিকে অপহরণের ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশের দাবি, স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত থেকে বিরত রাখার উদ্দেশ্যে জিসান তাঁর শ্যালক শিশু সানিকে অপহরণের পরিকল্পনা করেন। এ ঘটনায় তাঁর ভাগনে বিজয়, প্রতিবেশী কাজল ও বাবলুসহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে।

পরে জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর ভাগনে বিজয়ের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে শ্যালক শিশুটিকে অপহরণ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার জিসান আহমেদকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

   
সৈয়দ মশিউর রহমান / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement