বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকেরা অবস্থান ছেড়ে দিয়েছেন।
এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এসএস