রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা কর্মসূচির সময়সীমা শেষ হলেও দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নতুন করে এ কর্মসূচি শুরু করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
সাজেকের নিরাপত্তা নিশ্চিত করা, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে এ অবরোধের ডাক দিয়েছে সংগঠন দুটি। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এর আগে গত ১১ অক্টোবর একই দাবিতে সাজেক সড়কে অবরোধ শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করা হয়। তবে নতুন করে অবরোধের ঘোষণায় সাজেক সড়কে যান চলাচল নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্র। দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগমের প্রত্যাশা থাকলেও পর্যটনকেন্দ্র বন্ধ ও অবরোধের কারণে হোটেল-রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিকসহ পর্যটননির্ভর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সাজেকের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা এবং পর্যটনকেন্দ্র চালু করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা।
এসএ