নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে দায়িত্বে থাকা ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
তবে এলাকাবাসীর ধারণা, কক্ষে সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের পাশে সেভেন আপের কয়েকটি খালি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআই/আরএন