কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ সময় পাঁচটি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা বাজার, ওয়াপদা সড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে ফুটপাতগুলো দখলমুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও হকার পৌরশহরের ফুটপাত ও প্রধান ড্রেনের ওপর অবৈধ চৌকি, শেড ও মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন। ফলে নিয়মিত যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, উচ্ছেদ অভিযানকালে সড়ক পরিবহন আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচটি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌরসভার প্রশাসক শাহীন দেলোয়ার বলেন, “ফুটপাত ও ড্রেন দখল করে জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুরো চকরিয়া পৌরশহর পর্যায়ক্রমে দখলমুক্ত ও পরিচ্ছন্ন করা হবে। উচ্ছেদের পর কেউ যেন পুনরায় ফুটপাত দখল করতে না পারেন, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, চকরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ডা. লোকমান হাকিমসহ পুলিশ ও পৌরসভার শতাধিক কর্মী।
এমএইচ/আরএন