ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন কুঁড়িতে এবার রেকর্ড ১৬ লাখ নিবন্ধন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাত্র তিন মাসের ব্যবধানে আবারও শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন। প্রথম আসরে দেড় লাখের বেশি খেলোয়াড় অংশ নিলেও এবার নিবন্ধনের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার এই উদ্যোগ ঘিরে বড় স্বপ্ন দেখছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আশা, ধারাবাহিকতা বজায় থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে এর সুফল মিলবে দেশের ক্রীড়াঙ্গনে।

বুধবার বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের নানা দিক তুলে ধরেন আমিনুল হক। এ সময় তিনি জানান, দ্বিতীয় আসরে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে প্রতিযোগিতা শুরু হবে। নিবন্ধন করেছেন মোট ১৬ লাখ ২৩ হাজার খেলোয়াড়। তাদের মধ্যে ৯ লাখ কিশোর এবং ৬ লাখ কিশোরী। দ্বিতীয় আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় মোট ডিসিপ্লিনের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

প্রথম আসরে স্বল্প সময়ের মধ্যে ১ লাখ ৬৮ হাজার নিবন্ধন হয়েছিল। তবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেড় লাখ খেলোয়াড়। তাদের মধ্য থেকে ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে খুঁজে পেয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। নিয়মিত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই প্রতিষ্ঠানটিকে হিমশিম খেতে হয়। সেখানে নতুন করে তিন শতাধিক প্রতিভাবান খেলোয়াড় যুক্ত হওয়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে। এ বিষয়ে আমিনুল হক বলেন, ‘আঞ্চলিক বিকেএসপির সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য চেষ্টা করছি। ফুটবলে মিন্টু ভাইয়ের মতো কোচ নিয়োগ দেওয়া হয়েছে। অন্য খেলাগুলোতেও ভালো মানের কোচ নিয়োগ দেওয়া হবে, যেন ভালো খেলোয়াড় বেরিয়ে আসে।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়াঙ্গনে রাতারাতি সাফল্য চান না। তার মতে, তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার এই উদ্যোগ নিয়মিত চালিয়ে যেতে পারলে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যাবে। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে মেধাবী খেলোয়াড়রা আসছে। এই ধারাবাহিকতা থাকলে আগামী পাঁচ বছর পর আমরা ক্রীড়াঙ্গনে এর সুফল পাব।’

ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় জেলা পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসেন। কিন্তু অনেক জেলায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ নেই। কোথাও আবার জেলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে স্থবিরতা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার উদ্যোগের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১ হাজার ২৪৪ কোটি টাকা সিড মানি অনুমোদন দিয়েছেন ক্রীড়াঙ্গনের জন্য। সেখানে ফেডারেশনগুলো গুরুত্ব ও সম্ভাবনা অনুযায়ী অর্থ পাবে, তেমনি জেলা ক্রীড়া সংস্থাগুলো ৩ কোটি টাকা করে পাবে। কিছু দিনের মধ্যে এই বণ্টন শুরু হবে। ক্রীড়া ভাতা খেলোয়াড়রা পাচ্ছে না, সেই সমস্যাও সমাধান হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে। খেলোয়াড়রা একসঙ্গে তিন মাসের অর্থই পাবে।’

আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। খেলাধুলার প্রসারে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে আমিনুল হক জানান, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি খাসজমি খোঁজা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতি ইউনিয়নে আমরা তিন বিঘা জায়গার মতো মাঠ খুঁজছি। হাওর ও পার্বত্য অঞ্চলের জেলায় তিন বিঘা জায়গা পাওয়া সম্ভব নয়, সেখানে একটু কম হতে পারে। আমরা আপাতত সরকারি খাসজমিতে মাঠ করার চেষ্টা করছি। ভূমি অধিগ্রহণের চিন্তা নেই আপাতত।’

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement