ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হারমোনিয়ামের ভেতরে লুকানো বিদেশি পিস্তল, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:১৪ পিএম
X
Advertisement

এসআরবি-১১ ও এসআরবি-১৪-এর যৌথ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুই সহোদর রয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বারেক ব্যাপারী (৪৯), সুজন বেপারী (৩৮) ও তাঁর বড় ভাই মনির হোসেন (৪৫)। বারেক ব্যাপারীর বাড়ি পাবনায়। অপর দুই ভাই মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই গ্রামের কাশেম বেপারীর ছেলে।

এসআরবি-১১ নারায়ণগঞ্জের অপারেশনস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত সোয়া ২টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় একটি চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালায় এসআরবি-১১ ও এসআরবি-১৪-এর যৌথ দল।

এ সময় বাসটিতে তল্লাশি চালিয়ে একটি হারমোনিয়ামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর দাবি, সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছিলেন এবং সেগুলো তাঁর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

এরপর প্রাপ্ত তথ্য যাচাইয়ে বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল মুন্সীগঞ্জ সদর থানার শিলই এলাকায় সুজন বেপারীর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সুজন বেপারী ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement