সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা উল্লেখ করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা তাঁর ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেছেন। একই পোস্ট শেয়ার করেছেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। তাঁদের শেয়ার করা পোস্টের সঙ্গে নিবন্ধনের জন্য একটি গুগল ফরমের লিংকও যুক্ত রয়েছে।
এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত নৈশভোজে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় বিক্ষোভও করেন তাঁরা।
ওই ঘটনার পর ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরই নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু ভোজ কর্মসূচির ঘোষণা সামনে আসে।
এসএস