নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনিছুর রহমানকে গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
বুধবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন—রণাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তাঁর দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। আটক ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে।
আহতদের মধ্যে শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ ওই জমি আনিছুর রহমানের পরিবারকে বুঝিয়ে না দিয়ে নজরুল ইসলামের পরিবার জোরপূর্বক ভোগদখল করে আসছিল।
স্থানীয় মাতব্বররা সালিশের মাধ্যমে আনিছুর রহমানের পরিবারকে প্রায় সাত বিঘা জমি বুঝিয়ে দিলে তাঁরা সেখানে ধানের চারা রোপণ করেন এবং পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার পথে নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আনিছুর রহমানের পক্ষের পাঁচজন এবং নজরুল ইসলামের পক্ষের চারজন আহত হন।
আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএইচ/আরএন