রাজধানীর উত্তরায় দক্ষিণ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় জাল দলিল তৈরি করে জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি এবং সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকৃত জমির মালিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জমির মালিকদের পক্ষে আব্দুল্লাহ সানি নামের এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের ৮ নম্বর ব্রিজসংলগ্ন ১০৩ নম্বর পিলারের পশ্চিম পাশের একটি রেকর্ডীয় সম্পত্তি দখলের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জাবেদ আলী বকাউল, মর্তুজা ও চৌধুরী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ভুয়া ও অবৈধ দলিল তৈরি করে জমিটি দখলের চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় মামুন পারভেজ তন্ময় নামের এক ব্যক্তি সহযোগিতা করছেন। তিনি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিএনপির নাম ব্যবহার করে তন্ময় ও তাঁর সহযোগীরা জমির মালিকদের ওপর চাপ সৃষ্টি করছেন এবং জমিতে প্রবেশ করতে হলে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি প্রাণনাশ এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামুন পারভেজ তন্ময় মুঠোফোনে লিখিত বার্তায় বলেন, “এই বিষয় আমি কিছু জানি না। কেউ যদি আমার নাম বিক্রি করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে মামলা করব।”
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। আর জায়গাজমির বিষয়ে এটি কোর্ট দেখবে।”
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, জাবেদ আলী বকাউল ও মর্তুজা তুরাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। মামলাটির নম্বর ১২ এবং দায়েরের তারিখ ১০ অক্টোবর ২০২৪ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জমির মালিকদের দাবি, তাঁদের বৈধ সম্পত্তি দখলের চেষ্টা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁরা জমির মালিকানা-সংক্রান্ত নথি যাচাই, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
-টিএস