সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি মুক্তমঞ্চের সামনে সাজেক পর্যটনসংশ্লিষ্ট জনগণ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আয়োজকরা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট নয়টি সংগঠনের নেতারা বলেন, সাজেক পর্যটনকেন্দ্রের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, হোটেল ও রিসোর্ট মালিক এবং পরিবহন শ্রমিকসহ বহু মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মসংস্থান ও আয়-রোজগার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।
স্মারকলিপিতে সাজেকে পর্যটকদের যাতায়াত নিরাপদ করা, পর্যটন কার্যক্রম স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নেওয়া এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণের কর্মসংস্থান ও জীবন-জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সাজেক পর্যটনকেন্দ্র ঘিরে বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান আয়োজকরা। পর্যটনশিল্পের উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।
স্মারকলিপিতে সাজেক পর্যটনকেন্দ্রের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। আয়োজকদের মতে, পর্যটন কার্যক্রম চালু থাকলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ বজায় রাখার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল থাকবে।
সাজেকভিত্তিক পর্যটন ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, হোটেল ও রিসোর্ট মালিক, স্থানীয় জনগণ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসব দাবির পক্ষে অংশ নেন।
এসএস