বাগেরহাটের ফকিরহাটে কোহিনুর বেগম (২৩) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
নিহত কোহিনুর বেগম বৈলতলী এলাকার মাহাতাব শেখের মেয়ে। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় কোহিনুরের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে।
নিহতের খালা নিপা বেগম জানান, কোহিনুর তাঁর দ্বিতীয় স্বামী রাহাত হাসান ও প্রথম পক্ষের তিন সন্তানকে নিয়ে বৈলতলীতে খালার বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এএ/আরএন