মালয়েশিয়ায় উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের অবহিত করতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘Pursuing Higher Studies at USIM and Other Universities in Malaysia’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি (ইইউআরএস) এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ওআইইএ)।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি এবং ইউএসআইএমে বাংলাদেশের অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মো. ইউসুফ আলী।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, মালয়েশিয়ার জনগণ বাংলাদেশি শিক্ষার্থী ও মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক। উচ্চশিক্ষা ও গবেষণায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দেশটির শিক্ষাব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত। মালয়েশিয়ায় অধ্যয়ন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে অধ্যাপক ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি ও অধ্যাপক ড. মো. ইউসুফ আলী মালয়েশিয়ার উচ্চশিক্ষার মান, আন্তর্জাতিক স্বীকৃতি এবং গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি ইউরোপ ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গ্রহণযোগ্য। এ সময় তাঁরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি, উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা তুলে ধরেন।
সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভবিষ্যতে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
এসএস