রাজধানীর উত্তরায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজলক্ষ্মী ও আজমপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে আসেন। পরে তাঁরা বিমানবন্দর সড়কের দিকে সরে গেলে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অবরোধে উত্তরা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। যানবাহন আটকে থাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, নয়তো মজুরি বাড়াও’এমন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, ‘আমাদের একটাই দাবি হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
আরেক শ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।
শ্রমিকদের দাবি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বাড়াতে হবে। দাবি পূরণ না হওয়ায় তাঁরা টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এফএস