প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারও সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
বুধবার (১৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এ কর্মসূচি ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক সড়কে অবরোধ চলাকালে প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে অবরোধ স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় পুনরায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বিবৃতিতে অভিযোগ করেন, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
তাঁদের দাবি, মাচালং এলাকার থলুকছড়া, চিত্তাছড়ি, নোয়াপাড়া, লালাবাক ও উজোছড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা অব্যাহত রয়েছে। এসব এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন তাঁরা। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সংগঠন দুটির নেতারা।
যৌথ বিবৃতিতে বলা হয়, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জানমাল রক্ষা এবং সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
তবে অবরোধের আওতামুক্ত থাকবে জরুরি ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি।
অবরোধ কর্মসূচি সফল করতে এলাকার বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংগঠন দুটি।
এফএস