খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় কার্তিক ভদ্র (৫০) নামে এক জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া হাইস্কুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কার্তিক ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা বাজার এলাকার বাসিন্দা। ওই বাজারে তাঁর একটি জুয়েলার্সের দোকান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে কার্তিক ভদ্র গুটুদিয়া হাইস্কুলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সৈকত মোঃ সোহাগ / এফএস