লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন বিস্ফোরণে রুবেল হোসেন (২৪) নামে এক যুবকের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাকিল হোসেন (২৫) নামে অপর এক যুবকও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবগা গ্রামের জিয়াজি ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহত রুবেল হোসেন ওই এলাকার কবির হোসেনের ছেলে। শাকিল হোসেনও একই গ্রামের বাসিন্দা। তারা দুজন প্রতিবেশী এবং একসঙ্গে চলাফেরা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রুবেল ও শাকিল একসঙ্গে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। এতে দুজনের মুখমণ্ডল ঝলসে যায় এবং তারা গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া রহমান নিপু তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার চক্ষু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রুবেলের দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছে কি না, তা বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আকস্মিক এ ঘটনায় আহত দুই যুবকের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এফএস