ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ যাজক পোপ লিও চতুর্দশ-এর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। তার ডান ফুসফুসের নিচের অংশ (লোব) অপসারণের জন্য সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।
৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের এক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান এবং পরবর্তীতে তার ‘ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা’ (এক ধরণের ফুসফুসের ক্যান্সার) শনাক্ত হয়।
ভ্যাটিকান বলেছে, “অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জেগে ওঠেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকার পর নিজের কক্ষে ফিরে যান “
ভ্যাটিকান জানিয়েছে, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার’ সময়ে টিউমারটি প্রথম ধরা পড়ে। পোপের প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার কথা রয়েছে।
এর আগে, হাসপাতালের বাইরে পোপের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন বিপুল সংখ্যক মানুষ। তিনি যখন গাড়িতে করে যাচ্ছিলেন, তখন তারা উল্লাস ও শুভেচ্ছাবার্তা জানান। জবাবে পোপ গাড়ির পেছনের জানালা নামিয়ে হাত নেড়ে ও হাসি দিয়ে তাদের অভিবাদনের উত্তর দেন।
ভ্যাটিকান তাদের বিবৃতিতে জানিয়েছে, অস্ত্রোপচারটি যাতে ‘পূর্ণাঙ্গ ও কার্যকর’ হয়, তা নিশ্চিত করার জন্যই পোপের ডান ফুসফুসের নিচের পুরো অংশটি অপসারণ করা হয়েছে।
ভ্যাটিকানের একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, ক্যান্সার ছড়িয়ে পড়েছে কি না, তা নিশ্চিত হতে আরো পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে প্রথাগত ‘অ্যাঞ্জেলাস’ আশীর্বাদ প্রদানের পর বারান্দা থেকে ভাষণ দেওয়ার সময় পোপ নিজেই তার অস্ত্রোপচারের খবরটি বিশ্ববাসীকে জানিয়েছিলেন।
তিনি জানান, তার ফুসফুসে যে পিণ্ড বা টিউমারটি পাওয়া গেছে তা ‘ছোট’ এবং ‘খুব প্রাথমিক পর্যায়ে’ শনাক্ত করা সম্ভব হয়েছে; তবে চিকিৎসকরা সেটি অপসারণের পরামর্শ দিয়েছেন।
এসএ