রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নৌপুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়। অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫০টি চায়না দুয়ারি জাল, ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্য এবং দৌলতদিয়া নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০টি চায়না দুয়ারি জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ ছাড়া দুজনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআই/আরএন