ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন দায়িত্বে আসছেন নাসীরুদ্দীন-হাসনাত-সারজিস-আসিফ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৭:২৫ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। পুনর্গঠনে দলটির চারটি গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করে নতুন পদে নেতাদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আগের দায়িত্বে থাকলেও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে নতুন নেতারা দায়িত্ব পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দুই শতাধিক নেতাকর্মী বিভিন্ন পদে স্থান পেয়েছেন। বিভিন্ন সময়ে কমিটির আকার বাড়ানোর পাশাপাশি নতুন পদও সৃষ্টি করা হয়। সর্বশেষ দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম দায়িত্ব পালন করেছেন।

এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক এবং অঞ্চলভিত্তিক মুখ্য সংগঠকের পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দলের বেশ কয়েকটি পদ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দুটি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দুটি পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি উপকমিটির প্রধান ঘোষণা করা হবে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতে বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হতে যাচ্ছেন। অন্যদিকে, বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেতে পারেন।

সূত্র আরও জানায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সারজিস আলম সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক পর্ষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

এদিকে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

গত রোববারের সভায় জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার কথা রয়েছে।

সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement